Views Bangladesh Logo

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপি মিডিয়া সেল

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক অতিরিক্ত চার্জ প্রত্যাহার করেছে সরকার। এতে প্রিপেইড বিদ্যুৎ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকেও তা জানানো হয়। পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। এসব চার্জের সঙ্গে আরও ৫ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় মাসিক বিলে বাড়তি চাপ তৈরি হচ্ছিল, যা নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল।

এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ