শুরু হলো মহান বিজয়ের মাস
আজ ১ ডিসেম্বর, এই দিনটির মধ্য দিয়ে শুরু হলো মহান বিজয় দিবসের মাস। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি পৃথক কর্মসূচি পালন করবে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
জানা গেছে, বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ডিসেম্বর মাসের প্রথম দিন পতাকা মিছিল করবে দলটি।
১৯৭১ সালের ১ ডিসেম্বর স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খণ্ড ও নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, তা এক রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতায় পূর্ণতা পায়।
বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হওয়ার পাশাপাশি বহু তাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন একইসঙ্গে বেদনাবিধূরও। চলতি মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এই দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামসদের সহযোগিতায় দেশের মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠেছিল। সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই।
১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর জল, স্থল ও আকাশপথে সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের খবর চারদিক থেকে ভেসে আসতে থাকে। ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেখানে পরাজয়ের দলিলে স্বাক্ষর করেন পাকিস্তানি জেনারেল নিয়াজী। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেইসঙ্গে বাঙালি জাতি অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে