Views Bangladesh Logo

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ রবিবার। বাঙ্গালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনির্হিতি শক্তির উৎস। উত্তাল একাত্তরে মার্চজুড়ে বাঙালির চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। আর এ মাসেই শুরু হয় স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াই। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বাঙালি প্রতিরোধ গড়ে তোলে।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আগুন জ্বলে উঠেছিল- সে আগুন যেন ছড়িয়ে পড়ে বাংলার সর্বত্র। এর পর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২ এর শিক্ষা আন্দোলন, ’৬৬ এর ছয়দফা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সিঁড়ি বেয়ে একাত্তরের মার্চ বাঙ্গালির জীবনে নিয়ে আসে নতুন বারতা।

১৯৭১ এর ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণের সময় সাবেক রেসর্কোস ময়দান- আজকের সোহরাওর্য়াদী উদ্যান স্বাধীনতাকামী মানুষের মুহূর্মুহু গর্জনে উত্তাল হয়ে উঠে। লক্ষ কন্ঠের একই আওয়াজ উচ্চারিত হতে থাকে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ঢাকাসহ গোটা দেশে পত পত করে উড়ছিল সবুজ জমিনের উপর লাল সূর্যের পতাকা।

২৫ মার্চের কালরাতে পাকিস্তানিরা বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে অপারশেন সার্চলাইট নামে বাঙালি নিধনে নামে। ঢাকার রাস্তায় বেরিয়ে সেনারা নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র-শিক্ষককে হত্যা করে। রাত একটার অল্প পরে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সৈন্যরা গ্রেপ্তার করে তাঁর বাড়ি থেকে।

২৭ মার্চ চট্রগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তার ঘোষণা এই বেতার কেন্দ্রকে 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' হিসেবে পরিচিত করে তোলে।

এর পরের ঘটনাপ্রবাহ প্রতিরোধের ইতিহাস। আবালবৃদ্ধবণিতা যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের পর ১৬ ডিসেম্বের বিজয় অর্জনের মধ্যদিয়ে জাতি লাভ করে স্বাধীনতা।
এ মাসেই জাতি পালন করবে মহান স্বাধীনতার ৫৫ বছর। এ উপলক্ষে মাসের প্রথম দিন থেকেই শুরু হবে সভা সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনে মুখরিত থাকবে দেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ