Views Bangladesh Logo

একুশের চেতনায় উজ্জ্বল ফেব্রুয়ারি: বাঙালির অহম ও আত্মত্যাগের মাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ফেব্রুয়ারি মাস বাঙালির জন্য কেবল ক্যালেন্ডারের একটি নতুন পাতা নয় - আবেগ, আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীকও। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিকসহ অসংখ্য তরুণ। তাদের এই আত্মত্যাগ বাঙালি জাতিকে দিয়েছে গৌরবময় জাতীয় পরিচয় এবং মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার ইতিহাস।

বাঙালির ভাষা আন্দোলনের এই ইতিহাস ১৯৪৭ সালে শুরু হলেও চূড়ান্ত রূপ নেয় ১৯৫২ সালে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ ঘোষণা দেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন প্রতিবাদ জানিয়ে ‘না, না’ স্লোগান দেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে আন্দোলন তীব্রতর করে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালে পুলিশ গুলি চালায়। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিকসহ অনেকেই। তাদের রক্তের বিনিময়ে বাঙালি জাতির জীবনে প্রতিষ্ঠিত হয় মাতৃভাষার মর্যাদা।

আজ থেকে ৭৪ বছর পরও ফেব্রুয়ারি বাঙালির মনে চিরন্তন স্মৃতি জাগিয়ে রাখে। এই মাসে সারাদেশে ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে না।

ভাষা আন্দোলনের তাৎপর্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় ১৯৯৯ সালে, যখন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে পালিত হচ্ছে।

ইংরেজি ক্যালেন্ডারের ফেব্রুয়ারির আগমন বাঙালির মনে তুলে আনে সেই রক্তমাখা স্লোগান, লাল রঙে রঞ্জিত আন্দোলনের স্মৃতি এবং মাতৃভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস। ভাষা আন্দোলনের এই চিরন্তন গৌরবের মধ্য দিয়ে বাঙালি আজও শিক্ষায়, সংস্কৃতিতে ও সামাজিক আন্দোলনে নিজস্ব পরিচয় রক্ষা করে চলেছে।

ফেব্রুয়ারি বাঙালির কাছে কেবল একটি মাস নয় - আত্মপরিচয়, শেকড় সন্ধান এবং প্রজন্মের পর প্রজন্ম বহন করা ভাষার উত্তরাধিকারকে স্মরণ করার মাস। বাংলা ভাষাই বাঙালির প্রাণস্পন্দন, এবং এই ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম আজ আন্তর্জাতিকভাবে অনন্য গৌরবের প্রতীক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ