মংলা-খুলনা রেললাইন চালু হচ্ছে অক্টোবরে
আগামী অক্টোবরের শেষ সপ্তাহে চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয়
বৃহত্তম নৌবন্দর মংলার সাথে সারাদেশের রেল যোগাযোগ। ইতোমধ্যে এই রেলপথের কাজ ৯৮ শতাংশ
সম্পন্ন হয়েছে। এখন চলছে খুঁটিনাটি কাজ, যা চলতি মাসেই শেষ হওয়ার আশা করছেন প্রকল্প
সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, মংলা-খুলনা রেলপথে ট্রেন চলাচল শুরু হলে মংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কারণ শুধু সারাদেশের সাথেই নয়, রেলপথটিকে
আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্য দিয়ে বন্দরের
ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে।
মংলা-খুলনা রেলপথের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান
বলেন, চলতি মাসে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে আমাদের। সেই সাথে অক্টোবরের শেষ সপ্তাহে
এই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছি। সেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা।
এ ব্যাপারে প্রকল্প পরিচালক আরিফুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি ও নানা কারণে কাজ শেষ
করতে সময় লেগেছে। দুই দফায় প্রকল্প সংশোধনের কারণে ব্যয় বেড়েছে ২ হাজার ৫৩৯ কোটি টাকা।
তবে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। আশা করছি এবার নির্ধারিত সময়ে
কাজ শেষ হবে।
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী
হাবিবুন নাহার বলেন, রেললাইনটি ভারত, নেপাল ও ভুটানের সাথে পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা
রাখবে। বিশেষ করে চিংড়ি ও গার্মেন্টস পণ্য পরিবহন সহজ হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে