Views Bangladesh Logo

সমঝোতায় তোলা অর্থ চাঁদা নয়, বাধ্য করলে তবেই চাঁদা: সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী

পরিবহন খাত থেকে সমঝোতার ভিত্তিতে টাকা তোলা হলে তা চাঁদা নয়, তবে কাউকে জোর করে টাকা দিতে বাধ্য করা হলে সেটাকেই চাঁদা হিসেবে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতিগুলো নির্দিষ্ট হারে যে অর্থ সংগ্রহ করে, তা মূলত তাদের কল্যাণে ব্যয় করার জন্যই নেওয়া হয় এবং এটি অনেকটা অলিখিত নিয়মের মতো। এই অর্থের ব্যবহার নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে তা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেশনও একইভাবে সমঝোতার ভিত্তিতে অর্থ তোলে। ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের প্রভাব বেশি থাকে—এটিও বাস্তবতা; তবে জোরপূর্বক অর্থ আদায়ের সুযোগ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ স্থাপনাগুলোতে নেই বলে তিনি জানান। মালিকদের মধ্যে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা তোলা অর্থের অপব্যবহার হচ্ছে কি না, তা সরকার খতিয়ে দেখবে বলেও জানান মন্ত্রী।

সড়কে যানজট প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, মহাসড়কের ওপর বিভিন্ন স্থানে বাজার বসে যাওয়ায় যানজট বাড়ছে। এসবকে শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটির ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গতবারের মতো দীর্ঘ ছুটির ধারা অনুসরণ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন কী ব্যবস্থা নেওয়া হলে যাত্রা আরও স্বস্তিদায়ক হবে, তা নিয়েও কাজ চলছে। আরও পাঁচ থেকে দশ দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ