আচরণবিধি লঙ্ঘন, মমতাজকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সংগীতশিল্পী মমতাজ বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নোটিশে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুসন্ধান কমিটির প্রধানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাবে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) মানিকগঞ্জ-২ আসনের তদন্ত কমিটির চেয়ারম্যান মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।
কারণ দর্শানোর নোটিশে জানানো হয়, 'নির্বাচনের তিন সপ্তাহ আগে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে প্রচারণা চালান মমতাজ বেগম। এই কার্যক্রমের মাধ্যমে সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮-এর-১২ বিধান লঙ্ঘন করেছেন।'
এতে বলা হয়, 'এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না নির্বাচনী অনুসন্ধান কমিটি, এই মর্মে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো।'
নির্বাচনি তপশিল অনুযায়ী, প্রার্থীরা ডিসেম্বরের ১৮ তারিখ থেকে প্রচারণা শুরু করতে পারবেন। আর এ প্রচারণা আগামী বছরের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে