মঈন আব্দুল্লাহ ৫ দিনের রিমান্ডে
যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন উদ্দিন আব্দুল্লাহকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুর এ আদেশ দেন।
বিকেলে মঈন উদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এস আই তন্ময় কুমার বিশ্বাস তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে গুলশান-২ থেকে তাকে আটক করে ডিবি। এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পল্টন এলাকায় নিহত হন যুবদল নেতা শামীম।
এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ৭০৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে