Views Bangladesh Logo

২ মার্চ পুরস্কার দেওয়ার কথা থাকলেও পেলেন না মোহন রায়হান

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ দেওয়া হয়নি জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে। সোমবার (২ মার্চ) তার হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে মোহন রায়হান গণমাধ্যমকে বলেন, আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মোহন রায়হান আগের দিন এক সংবাদ সম্মেলনে তিনটি শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, সেগুলো মানা হলে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করব। তবে পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে নেব না।

এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মোহন রায়হানসহ মোট নয়জন মনোনীত হন। গত বৃহস্পতিবার অন্যদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হলেও তার ক্ষেত্রে তা স্থগিত রাখা হয়।

পরে সমালোচনার মুখে গত শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, তাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ২ মার্চ তা প্রদান করা হবে। তবে নির্ধারিত দিনে পুরস্কার না দেওয়ার বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পুরস্কারের অর্থ কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সংস্কৃতিকর্মীর কল্যাণে ব্যয় করার কথা জানিয়েছিলেন মোহন রায়হান। একই সঙ্গে তিনি পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি তুলে বলেন, স্বচ্ছ, দলনিরপেক্ষ ও বিশেষজ্ঞনির্ভর প্রক্রিয়া চালু করা হলে ভবিষ্যতে এমন বিতর্ক এড়ানো সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ