মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু
কক্সবাজারের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। বর্তমানে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট) হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বাংলাদেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় মহেশখালীর হোয়ানক ইউনিয়ন উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের ভাসমান টার্মিনালের যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার নির্ধারিত এলএনজি কার্গো সফলভাবে খালাস করা গেলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ দৈনিক ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। তবে টার্মিনালটি পুরো সক্ষমতায় ফিরতে আরও কিছু সময় লাগতে পারে।
গত ২১ জুলাই টার্মিনালের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ১৬ দিন পর মেরামত শেষে আবারও সরবরাহ শুরু হওয়ায় শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে গ্যাস সংকট কিছুটা কমার আশা করা হচ্ছে।
মতামত দিন