Views Bangladesh Logo

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ রবিবার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। এরপর সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে শিগগিরই চিকিৎসার উদ্দেশ্যে তার বিদেশে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংকক যাবেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এরই মধ্যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি আরও জানান, তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাবেন তিনি।

তিনি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হচ্ছিল। বাসভবনের পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও ইতোমধ্যে শেষ হয়েছে।

এর আগে গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে স্পিকার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। সেই হিসেবে তাঁর মেয়াদকাল ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ