মদ্রিচের বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা, দুশ্চিন্তায় ক্রোয়েশিয়া
বিশ্বকাপের আগে ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। অস্ত্রোপচার সম্পন্ন হলেও গালের হাড় ভেঙে যাওয়ায় এই তারকা ফুটবলারের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত রোববার (২৬ এপ্রিল) সান সিরোতে ইউভেন্তুসের মুখোমুখি হয়েছিল এসি মিলান। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড় মানুয়েল লোকাতেল্লির সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষে আঘাত পান মদ্রিচ। প্রাথমিক চিকিৎসার পর ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তবে মাঠ থেকে উঠে গেলেও ব্যথা নিয়ে ডাগআউটে বসেই দলের খেলা শেষ করতে দেখা যায় তাকে।
সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসি মিলান জানায়, ৪০ বছর বয়সী এই তারকার বাঁ গালের হাড়ে একটি 'জটিল ফ্র্যাকচার' ধরা পড়েছে এবং ইতোমধ্যে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
এমতাবস্থায় চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে মদ্রিচের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় তিনি মিলানের শেষ চারটি ম্যাচ মিস করবেন। তবে ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগেই এই ক্রোয়াট অধিনায়ক ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্বকাপের ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ঘানা ও পানামা। আসর শুরুর আগমুহূর্তে দলের অভিজ্ঞ এই সেনাপতির চোট ক্রোয়াট শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে