তারেক রহমানের শপথে নাও আসতে পারেন মোদি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় প্রধান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস–এর এক খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, একই দিনে ভারত সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠক নির্ধারিত রয়েছে।
বৈঠকের পর ম্যাক্রোঁ নয়াদিল্লিতে ‘এআই ইমপেক্ট’ সম্মেলনে অংশ নেবেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন বলে জানা গেছে।
খবরে আরও বলা হয়েছে, মোদির পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের কোনো উচ্চপদস্থ প্রতিনিধি অংশ নিতে পারেন। দেশটির ভাইস-প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনাই বেশি বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে উভয় দেশ একসঙ্গে কাজ করবে।
মোদির শুভেচ্ছা বার্তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে