ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারত
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তিনি এ বিষয়ে নিজের ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিক্রম মিস্রি জানান, বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে তার উদ্বেগ এবং ভারত কীভাবে এই পরিস্থিতি দেখে তা জানিয়েছেন।’
বাংলাদেশ নিয়ে ভারতের প্রত্যাশার কথাও ট্রাম্পের কাছে মোদি তুলে ধরেছেন বলে জানান মিস্রি। তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে পারি; কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে এবং প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন।’
এর আগে, ভারতীয় পররাষ্ট্র দপ্তর ইঙ্গিত দিয়েছিল যে আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে মোদি-ট্রাম্প বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসতে পারে।
৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে মিস্রি বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আমি অনুমান করছি, এটি আলোচনার একটি বিষয় হতে পারে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে দেশটি সফর করছেন। এটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের পর মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর।
অন্যদিকে, বাংলাদেশ ভারতের সঙ্গে এমন সম্পর্ক গড়তে চায়, যা ‘দুই দেশের স্বার্থ রক্ষা করবে এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করবে’। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে সম্প্রতি জানিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে