Views Bangladesh Logo

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন প্রণয়ন করা হবে: শামা ওবায়েদ

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং এবং সামাজিক অবক্ষয় ঠেকাতে যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে নানা ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড ঘটছে। এসব থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে একটি কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রয়োজন। তবে আইনটি এমন হতে হবে, যাতে একই সঙ্গে মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরামর্শ নিয়ে কার্যকর ও বাস্তবসম্মত আইন প্রণয়ন করাই এ কমিটির মূল উদ্দেশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার ও বুলিংয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে না, বরং সামগ্রিকভাবে সমাজেও অবক্ষয় সৃষ্টি করছে। এর ফলে সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশও নানা সংকটের মুখে পড়তে পারে।

তিনি বলেন, সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে জনগণকে সুরক্ষা দিতে সরকার কার্যকর উদ্যোগ নিতে চায়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি আধুনিক ও যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ