Views Bangladesh Logo

মুঠোফোনের দাম কমছে, শুল্ক ২৫% থেকে ১০% করা হয়েছে: ফয়েজ আহমেদ তৈয়্যব

মুঠোফোন আমদানি শুল্ক কমানোর ফলে দেশের বাজারে মুঠোফোনের দাম কমে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ‘আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “যেহেতু শুল্ক কমেছে, তাই দাম অবশ্যই কমে আসবে। আমরা আমাদের খাতের অংশীজন হিসেবে শুল্ক সর্বোচ্চ সহনশীল পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি এবং ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে এনেছি।”

তিনি আরও বলেন, শুল্ক কমানো সরাসরি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ নয়, তবু ব্যবসায়ীদের চাপ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে ৩০ হাজার টাকার বেশি দামযুক্ত আমদানি হওয়া প্রতিটি মুঠোফোনের দাম আনুমানিক সাড়ে ৫ হাজার টাকা কমবে। ৩০ হাজার টাকার কম দামের দেশে সংযোজিত ফোনের দাম কমবে আনুমানিক দেড় হাজার টাকা।

দাম কমানোর তদারকি বিষয়ে তিনি বলেন, মনিটরিংয়ের দায়িত্বে থাকবে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংস্থা। এছাড়া, যারা ৩০ হাজার টাকার বেশি বিদেশ থেকে ফোন আমদানি করে আন্দোলন চালাচ্ছেন, তাদের সুবিধার্থে শুল্ক ৬০ শতাংশ কমানো হয়েছে।

ফয়েজ আহমেদ বলেন, ব্যবসায়ীদের স্টকে থাকা মুঠোফোনগুলো বৈধ করা হয়েছে এবং আগামী তিন মাস কোনো মুঠোফোন ব্লক হবে না। তিনি মন্তব্য করেন, “এত কিছুর পরও সড়কে আন্দোলন করা দুর্ভাগ্যজনক এবং এটি বিনিয়োগবান্ধব পরিবেশের বিরোধী হিসেবে গণ্য হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ ও আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ টাস্কফোর্সের প্রধান অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ