মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১ কোটি ৩২ লাখ: বিটিআরসি
গত সাত মাসে বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
২০২৪ সালের জুনে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৯ কোটি ৬ লাখ, যা ২০২৫ সালের জানুয়ারিতে কমে দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৬৬ লাখে। একই সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১ কোটি ৩২ লাখ কমে ১২ কোটি ৯২ লাখ থেকে ১১ কোটি ৬ লাখে নেমে এসেছে।
ব্রডব্যান্ড সংযোগ কিছুটা বাড়লেও সার্বিকভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ২২ লাখ থেকে ১৩ কোটিতে নেমে এসেছে।অপারেটররা বলছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, করের চাপ, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণেই এই প্রবণতা দেখা যাচ্ছে।
অর্থনৈতিক চাপে গ্রাহকরা মোবাইল সেবায় খরচ কমিয়ে দিচ্ছেন। বিশেষ করে, সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ায় সিম কার্ড ও মোবাইল সেবার খরচ বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা ও শীর্ষ কর্মকর্তাদের বিদায়ও মোবাইল ব্যবহারের ওপর প্রভাব ফেলেছে। গ্রামীণফোন ও রবি গ্রাহকদের গড় ব্যয় কমে গেছে। গ্রামীণফোনের গ্রাহকপ্রতি মাসিক গড় ব্যয় ১৬১ টাকা থেকে ১৪৮ টাকায় নেমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকসংখ্যা কমে যাওয়ার এই প্রবণতা বাংলাদেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।
মতামত দিন