ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত, লার্ভা পেলেই জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে এবং কোনো বাসা-বাড়ি কিংবা স্থাপনায় জমে থাকা পানি বা মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে এবং বিশেষ টিম বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করবে। কোনো বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গুর লার্ভা কিংবা জমে থাকা পানি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। কোথাও অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাগরিকদের সতর্ক করে মন্ত্রী বলেন, নারিকেলের খোসা, ফুলের টব, ছাদের বাগান, অব্যবহৃত কমোড, ড্রেন কিংবা অন্য কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ এ ধরনের জমে থাকা পানিতেই এডিস মশার লার্ভা জন্ম নেয়।
উদ্বেগ প্রকাশ করে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যাবে।
এ অবস্থায় জনগণকে সচেতন করতে এবং ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে