Views Bangladesh Logo

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

সরকার মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে অজুহাত করে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুত ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সারা দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে।

রোববার (৮ মার্চ) মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়। এতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুত করছে। সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক তেলের পরিমাণ নির্ধারণ করে দিলেও অনেক পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নেওয়া হচ্ছে। পাশাপাশি খোলা বাজারে তেল বিক্রি ও পাচারের প্রবণতাও লক্ষ্য করা গেছে।

মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিরতার সুযোগ নিয়ে অধিক মুনাফার আশায় যারা তেলের মজুত গড়ে তুলছে বা পাচারের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো এবং তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই সরকারের মূল লক্ষ্য।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এ নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তদারকি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ