Views Bangladesh Logo

মবের চাপেই সন্ত্রাসবিরোধী মামলা দেয় পুলিশ: ইমি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া শেখ তাসনিম আফরোজ ইমি অভিযোগ করেছেন, মবের চাপের মুখেই পুলিশ তার বিরুদ্ধে মামলা দিতে বাধ্য হয়েছিল।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইমি বলেন, মবের চাপের মুখে পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য হয়েছিল।

তিনি দাবি করেন, ৭ মার্চ শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানোর সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, পুলিশ প্রথমে তাকে গ্রেপ্তার দেখাতে চায়নি, বরং হেফাজতে রাখতে চেয়েছিল। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র, ছাত্রশিবিরসহ বিভিন্ন পক্ষ থানায় ভিড় করলে পুলিশ বাধ্য হয়ে গ্রেপ্তার দেখায় বলে অভিযোগ করেন ইমি।

ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ সন্ধ্যায় শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করা হয়। পরে রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বাধা দেয়। এক পর্যায়ে ইমিসহ কয়েকজনকে থানার ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ মোট তিনজনকে আটক করে।

পরদিন ৮ মার্চ শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

কারামুক্ত হয়ে ইমি বলেন, মুক্তিযুদ্ধকে ধারণ করা কোনো অপরাধ হতে পারে না। বিরোধী দল বা কোনো গোষ্ঠী সরকার থেকে বেশি ক্ষমতাশালী হয়ে উঠলে তা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এ ধরনের মব পরিস্থিতি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর ভূমিকা জরুরি।

এ সময় তিনি রাজনৈতিক বিভাজন দূর করে সহিষ্ণু আচরণের আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ভাষণের পাশাপাশি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকেও সম্মান দিতে হবে।

ইমি আরও জানান, দুই মাসের কারাবাস তার জীবনে বড় ক্ষতি ডেকে এনেছে। মাস্টার্স পরীক্ষা দিতে না পারা, পারিবারিক ক্ষতি এবং ব্যক্তিগত নানা অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ