Views Bangladesh Logo

ছয় মাসে মব-সহিংসতায় নিহত ১৩৩, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টি হামলা: এইচআরএসএস

দেশে চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে মব-সহিংসতা ও গণপিটুনির ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ২৫৬ জন। গত বছরের একই সময়ের তুলনায় নিহতের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির অর্ধবার্ষিক মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়, ছয় মাসে মোট ২৬১টি মব-সহিংসতা ও গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার এবং ধর্মীয় অবমাননার অভিযোগসহ বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে ১৪১টি ঘটনায় ৬৭ জন নিহত এবং ১১৯ জন আহত হয়েছিলেন। সেই তুলনায় এ বছর ঘটনা, হতাহত—উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের নিজস্ব তথ্য সংগ্রহ এবং ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য সংকলন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টি হামলার ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন। এ সময় ১৯টি মন্দির, ১৫টি প্রতিমা ও ৪৩টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি জমি দখলের চারটি ঘটনা ঘটেছে। ২০২৫ সালের একই সময়ে সংখ্যালঘুদের ওপর ১০টি হামলায় চারজন আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

শ্রমিকদের পরিস্থিতিও প্রতিবেদনে উদ্বেগজনক হিসেবে উঠে এসেছে। ছয় মাসে শ্রমিক নির্যাতনের ৩৩১টি ঘটনায় ৭৪ জন নিহত এবং ১ হাজার ৩ জন আহত হয়েছেন। এছাড়া কর্মস্থলে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় মারা গেছেন ২১৬ শ্রমিক। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৪৩।

এ ছাড়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনের সময় ২৬ শ্রমিককে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সময়ে দুই গৃহকর্মী নিহত, চারজন আহত এবং আরও দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর তথ্যও তুলে ধরা হয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় জবাবদিহি ও দায়িত্বশীলতা আরও জোরদার করার পাশাপাশি নাগরিক, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ