ব্রাহ্মণবাড়িয়ায় মব সৃষ্টি করে চোরাইপণ্যের গাড়ি ছিনিয়ে নিলো চোরাকারবারিরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চোরাকারবারিদের বিরুদ্ধে মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের কাছ থেকে চোরাই পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে (৩ জুন) বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এই ঘটনা ঘটে। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাও করে বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবার সীমান্ত এলাকা দিয়ে নিয়মিত চোরাই পণ্য দেশে প্রবেশ করানো হয় এবং নয়নপুর বাজারের বিভিন্ন গুদামে মজুত রেখে পরে অন্যত্রে পাচার করা হয়। বুধবার একদল চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাই পণ্যের একটি চালান সরানোর চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গাড়িটি আটক করেন। এরপর চোরাকারবারিরা পণ্যগুলো বৈধ দাবি করে বিজিবি সদস্যদের ওপর চাপ প্রয়োগ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে আরও লোকজন জমায়েত হয় এবং চোরাকারবারিরা সংঘবদ্ধ জনতার পরিবেশ তৈরির চেষ্টা করে। শেষ পর্যন্ত আটক গাড়িটি ছেড়ে দিতে বাধ্য হন বিজিবি সদস্যরা।
বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিুল ইসলাম বলেন, চোরকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে জব্দকৃত গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে বাধ্য হয়ে জব্দকৃত গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে