Views Bangladesh Logo

ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি, হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় পিটুনিতে যুবক নিহত

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনির শিকার হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন এক যুবককে আবারও মারধর করা হয়েছে। মঙ্গলবার রাতে দ্বিতীয় দফায় হামলার পর তাঁর মৃত্যু হয়। নিহত ওহিদুজ্জামান শামীম উপজেলার ছোট শান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লে দুপুরে উপজেলার সখীপুর এলাকায় শামীমকে মারধর করেন কয়েকজন। পরে তিনি নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাত ৯টার দিকে ‘তৌহিদি জনতা’র ব্যানারে একদল বিক্ষুব্ধ ব্যক্তি হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন শামীমকে আবারও মারধর করেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, পুলিশ শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে হাসপাতালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ