বগুড়ায় মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যাচেষ্টা
বগুড়ায় ছুরিকাঘাতে আফছার আলী নামে একজন নিহত হয়েছেন। তাকে ছুরিকাঘাতের অভিযোগে রেজাউল ইসলাম নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেন স্থানীয়রা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা কমলাচাপর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আফসার আলী (৫৫) ও আহত রেজাউল (৩২), তারা দুজনই একই এলাকার বাসিন্দা। রেজাউলের শরীরেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ওসি ওয়াদুদ আলম বলেন, ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। এ সময় তাকে ছুরিকাঘাতের অভিযোগে শত শত ব্যক্তি একত্রিত হয়ে মানসিক ভারসাম্যহীন রেজাউলকে আটক করে হত্যাচেষ্টা করেন। আমরা তাকে উদ্ধার করতে গেলে বাধার সম্মুখীন হই। আমাদের সামনেই রেজাউলকে পেটানো হচ্ছিল। এক পর্যায়ে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রেজাউলকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে।
তিনি আরও বলেন, আফছারকে ছুরিকাঘাতের কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েও কোনো কিছু জানা যায়নি। স্থানীয়রা কোনো কিছুই শুনতেই রাজি ছিলেন না। তারা রেজাউলকে পিটিয়ে হত্যা করতে চেয়েছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে