Views Bangladesh Logo

জয়পুরহাটে চাঁদা না দেওয়ায় মব সৃষ্টি করে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা

জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কৃষ্ণকোলা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার ভুক্তভোগী ব্যবসায়ী আল আমিন ও আজাদের বাবা কাশেম আলী আক্কেলপুর থানায় মামলা করেন।

মামলার এজাহারে নগদ সাত লাখ টাকা লুট এবং ছয় লাখ ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে। তবে ব্যবসায়ী আল আমিনের দাবি, হামলাকারীরা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও দোকানের যন্ত্রাংশসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার বুড়াপুকুর-বিষ্ণপুর গ্রামের সাগর হোসেনের একটি ইজিবাইক চুরি হয়। গত ৯ আগস্ট রাতে তার বাড়ির তালা কেটে ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলেও সেটি উদ্ধার হয়নি।

এর মধ্যে শুক্রবার রাতে বুড়াপুকুর এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করেন। এ সময় একজন পালিয়ে যান। পরে চাঁরদীঘি গ্রামের রাজু সেখানে গিয়ে আটক তিনজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

পরদিন শনিবার বুড়াপুকুর গ্রামের একটি মসজিদের পাশে ফাঁকা জায়গায় প্রকাশ্যে সালিশ বসে। সেখানে আটক তিন সন্দেহভাজনসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সালিশে আটক ব্যক্তিরা ইজিবাইক চুরির কথা স্বীকার করেন এবং সেটি কৃষ্ণকোলা গ্রামের একটি দোকানে বিক্রি করেছেন বলে জানান। ওই সালিসের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এরপর রাজুর নেতৃত্বে আটক তিনজনকে কৃষ্ণকোলা গ্রামের ভাই-ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও মেশিনারিজের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে বুড়াপুকুর-বিষ্ণপুর ও চাঁরদীঘি গ্রামের তিন শতাধিক মানুষ জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত লোকজন দোকান ও পাশের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা দোকান ও বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। চারটি ট্রাক্টর, শ্যালো মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতিও ভাঙচুর করা হয়।

ব্যবসায়ী আল আমিন বলেন, প্রায় এক যুগ আগে তিনি ও তার ভাই আজাদ গ্রামে ওয়ার্কশপের ব্যবসা শুরু করেন। তাদের অভিযোগ, প্রায় এক মাস আগে চাঁরদীঘি গ্রামের রাজু কয়েকজনকে সঙ্গে নিয়ে পিকনিকে যাওয়ার কথা বলে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

আল আমিনের দাবি, চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগ তুলে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে তারা কোনো চোরাই যন্ত্রাংশ কেনাবেচার সঙ্গে জড়িত নন এবং বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন বলে জানান তিনি।

অন্যদিকে রাজু চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আটক তিন ব্যক্তি ইজিবাইক চুরির কথা স্বীকার করায় তাদের নিয়ে পুলিশের সঙ্গে ওই দোকানে যাওয়া হয়েছিল। সেখানে হামলা, ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

রাজু আরও অভিযোগ করেন, আল আমিন ও তার ভাই আজাদ দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক ও যন্ত্রাংশ কেনাবেচা করে আসছেন। তবে এ অভিযোগও অস্বীকার করেছেন আল আমিন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, শনিবার রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরাই ইজিবাইকের মালামাল কেনাবেচার অভিযোগ তুলে একদল লোক ‘মব’ সৃষ্টি করে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-ভাঙচুর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, কাশেম আলী ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের দাবি, ঘটনার প্রকৃত কারণ এবং হামলা-ভাঙচুর ও লুটপাটে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ