Views Bangladesh Logo

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মেসির ইন্টার মায়ামি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়ানোর পর মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম ভঙ্গের অভিযোগে তদন্তের মুখে পড়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। অভিযোগ, কাসেমিরোর সঙ্গে আলোচনা শুরুর আগে প্রয়োজনীয় ‘ডিসকভারি প্রায়োরিটি’ গ্রহণ না করেই তারা যোগাযোগ করেছে। এই অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এমএলএস।

এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা আর কোনো মন্তব্য করবে না। ইএসপিএনের তথ্য অনুযায়ী, কাসেমিরোকে নিয়ে ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ করেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তবে ইন্টার মায়ামির দাবি, কাসেমিরোর ডিসকভারি প্রায়োরিটি নিয়ে তারা ইতোমধ্যে গ্যালাক্সির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এমএলএসও সেই সমঝোতার কথা নিশ্চিত করলেও তদন্ত শেষ হওয়ার আগে এর বিস্তারিত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে।

এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে তাদের ডিসকভারি লিস্টে রাখতে পারে। কোনো খেলোয়াড় ওই তালিকায় থাকলে সংশ্লিষ্ট ক্লাবই তার সঙ্গে আলোচনায় অগ্রাধিকার পায়। কাসেমিরোর ক্ষেত্রে সেই অধিকার ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির। ফলে ইন্টার মায়ামিকে তার সঙ্গে চুক্তি করতে হলে আগে গ্যালাক্সির কাছ থেকে সেই অধিকার নিতে হতো।

নিয়মে আরও বলা হয়েছে, অন্য ক্লাবের ডিসকভারি লিস্টে থাকা কোনো খেলোয়াড়কে দলে নিতে চাইলে ৫০ হাজার ডলার জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) দিয়ে চুক্তির অধিকার কিনতে হয়। এরপর ডিসকভারি লিস্টে থাকা ক্লাব নির্দিষ্ট সময়ের মধ্যে হয় সেই অর্থ গ্রহণ করে অধিকার ছেড়ে দিতে পারে, অথবা খেলোয়াড়কে একটি বাস্তবসম্মত চুক্তির প্রস্তাব দিতে পারে।

গ্যালাক্সির সঙ্গে সমঝোতার পরই কাসেমিরোর সঙ্গে চুক্তি সম্পন্ন করে ইন্টার মায়ামি। ২০২৭ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে, যা ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে কাসেমিরো বলেন, তিনি আগে গ্যালাক্সির সঙ্গে কথা বললেও স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি ইন্টার মায়ামিতেই যোগ দিতে চান। কারণ মায়ামি তার এবং তার পরিবারের অত্যন্ত পছন্দের শহর, যেখানে তারা প্রায়ই ছুটি কাটাতে আসেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ