আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ
অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে দেশটির সরকার। এরপর তাকে দেশটি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক বক্তৃতা সিরিজের অংশ হিসেবে আজহারি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সফর করছিলেন। সফরের সূচনা হয় ব্রিসবেনে, এরপর মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় আরও কর্মসূচি থাকার কথা ছিল। তবে কর্মসূচি চলমান অবস্থাতেই মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ছাড়ার প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম সিনেটে দাবি করেন, আজহারির আগমনের বিষয়ে বিভিন্ন গোষ্ঠী আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্যদের সতর্ক করেছিল।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক আলোচনায় তার কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়, যেখানে তাকে ইহুদিবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়। এছাড়া অতীতেও বিভিন্ন দেশে তার বক্তব্য নিয়ে বিতর্ক দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে