Views Bangladesh Logo

‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞান পড়েন মিথিলা

দুই বাংলার পরিচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অভিনয়জীবনের পাশাপাশি তার শিক্ষাজীবন নিয়েও আগ্রহ রয়েছে ভক্তদের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ার পেছনে তার যে গল্প, সেটি ছিল বেশ অপ্রত্যাশিত। এক পডকাস্টে নিজের উচ্চশিক্ষার বিষয় বেছে নেওয়ার সেই গল্পই জানিয়েছেন মিথিলা।

মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তার পড়াশোনার পুরো পথটাই ছিল বিজ্ঞানভিত্তিক। এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়বেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময়ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তার তেমন ধারণা ছিল না।

মিথিলার ভাষ্য, ছোটবেলায় মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাতায়াতের একটি আলাদা টান তৈরি হয়েছিল তার মনে। সেই স্মৃতিই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে।

তিনি বলেন, অবচেতন মনে আমার ভেতরে ওই জায়গাটার প্রতি একটা ভালোবাসা ছিল। তো সেখান থেকে আমি ভাবলাম, ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব। কিন্তু যদি পড়ি, তাহলে কলাভবনেই পড়ব। আমি অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ব না।

পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে তার সামনে সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে পড়ার সিদ্ধান্তই বাস্তবসম্মত ছিল। তাছাড়া পরিবারের প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হওয়ায় কোন বিষয় বেছে নেওয়া উচিত, সে বিষয়ে পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞতাও তার আশপাশে ছিল না।

কলাভবনে গিয়ে বিভিন্ন বিভাগের নাম শুনে আরও বিভ্রান্ত হয়ে পড়েন মিথিলা। তার আগে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মতো বিষয়েই অভ্যস্ত ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে এসে রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ কিংবা অর্থনীতি—এসব বিষয় তার কাছে তখন একেবারেই অপরিচিত ছিল।

মিথিলা বলেন, সায়েন্সের মানে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এসব বিষয় পড়ে আমার অভ্যাস। তো সেখানে যাওয়ার পর যখন আমাকে বিভিন্ন ধরনের বিষয় বলা হচ্ছিল, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইকোনমিক্স—আমি কিছুই বুঝতে পারছিলাম না।

শেষ পর্যন্ত ভর্তি সাক্ষাৎকারের সময় তাকে রাষ্ট্রবিজ্ঞান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে খুব বেশি না জেনেই সেটি গ্রহণ করেন তিনি। মিথিলার নিজের কথায়, ‘ইন্টারভিউয়ের সময় আমাকে বলল, তুমি রাষ্ট্রবিজ্ঞান না? আমি বললাম, ঠিক আছে। তার মধ্যে বিজ্ঞান তো আছে।’

এভাবেই অনেকটা নামের মধ্যে ‘বিজ্ঞান’ শব্দটি থাকার বিষয়টিকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়ে যান মিথিলা। পরে সেই বিষয়েই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ