Views Bangladesh Logo

মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি অনাস্থা জানালেন এক আসামি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ হত্যা মামলার এক আসামি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন। এ কারণে মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৯ জুলাই) ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীরের আদালতের প্রতি অনাস্থা জানান আসামি মাহমুদুল হাসান মাহিন। তার আইনজীবী মাশরুর হোসাইন সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক।

আসামিপক্ষের আইনজীবী মাশরুর হোসাইন বলেন, গত ১২ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ভারী বৃষ্টির কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি মামলার সাত আসামির পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। একদিন সময় না দিয়েই অভিযোগ গঠন করায় ওই আদালতের প্রতি তাদের আস্থা নেই। এ বিষয়ে মহানগর দায়রা জজ আদালতে অনাস্থার আবেদন করা হয়েছে। আগামী ২২ জুলাই ওই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, আদালতের প্রতি অনাস্থা জানানোর বিষয়টি উল্লেখ করে সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করা হলে আদালত তা গ্রহণ করেন।

মামলায় মোট ২১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন কারাগারে, তিনজন জামিনে রয়েছেন এবং বাকি আটজন পলাতক।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ জুলাই বিকেলে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ও পুরোনো তারের ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদকে কংক্রিটের ব্লক দিয়ে মাথা ও শরীরে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে অংশ নেওয়া এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের অনেকেই সোহাগের পূর্বপরিচিত ছিলেন। তাদের কয়েকজন একসময় তার ব্যবসায়িক সহযোগীও ছিলেন। প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে প্রথম অভিযোগপত্রে ত্রুটি থাকার বিষয় উল্লেখ করে অধিকতর তদন্তের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। পরে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর কোতোয়ালী থানার পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ পুনর্তদন্ত শেষে গত ১০ মে ২১ জনকে আসামি করে নতুন অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিচার শুরুর জন্য গত ২১ জুন মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ