শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন
দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও মিতালী এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে এই আন্তদেশীয় ট্রেনের চলাচল শুরু হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে কাজ এগিয়ে চলছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে ভারতের রেল মন্ত্রণালয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তারা সম্প্রতি এ বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকের পর মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
এছাড়া রেললাইনের নিরাপত্তা পরীক্ষা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত কার্যক্রম প্রায় শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে মিতালী এক্সপ্রেসসহ আন্তদেশীয় ট্রেনগুলো বন্ধ রয়েছে।
অন্যদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক (টুরিস্ট) ভিসা দেওয়া শুরু করেছে ভারত। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচলও পুনরায় চালু করা হতে পারে।
তবে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো ট্রেন চালুর নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
মতামত দিন