মিষ্টির পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে সঙ্গেই আসন শূন্য: স্পিকার
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার ১ অক্টোবর জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান স্পিকার।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।
স্পিকার বলেন, ‘সংরক্ষিত নারী আসন নম্বর ২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে একটি চিঠি দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী চিঠিটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদটি শূন্য হয়েছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।’
পদত্যাগপত্রে এর কারণ উল্লেখ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের নিয়ম অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে সাধারণত সেখানে কোনো কারণ উল্লেখ করা হয় না।
মতামত দিন