Views Bangladesh Logo

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা মিশন আচার্য

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র না পাওয়া মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পেতে যাচ্ছেন। রোববার (৪ অক্টোবর) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাতের পর তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ করেন ঝিনাইদহ সদর উপজেলার প্রার্থী মিশন আচার্য। স্থায়ী বসতভিটা না থাকায় তাকে নিয়োগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা সংশ্লিষ্টদের নজরে আসে। গণমাধ্যম থেকে বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন তার নিয়োগ নিশ্চিত করার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রীকে ডিও লেটার বা আধা-সরকারি সুপারিশপত্র পাঠিয়েছেন।

রোববার নিজের ফেসবুক পোস্টে মো. রাশেদ খাঁন জানান, ‘চট্টগ্রাম ও কক্সবাজারে দুই দিনের সফর শেষে মিশন আচার্যকে সঙ্গে নিয়ে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেন শিক্ষামন্ত্রী।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আমার নিজ জেলা ঝিনাইদহের সদর উপজেলার স্থায়ী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মিশন আচার্য সদর উপজেলার কলাবাগানে জন্মলগ্ন থেকে বসবাস করছেন। তিনি এই এলাকাতেই জন্মগ্রহণ করেছেন এবং আজ পর্যন্ত এই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করছেন।’

চিঠিতে মিশন আচার্যের সংগ্রামের কথা তুলে ধরে বলা হয়, ছোটবেলা থেকেই তিনি পিতৃহীন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তার মা অনেক কষ্টে তাকে পড়াশোনা করিয়েছেন। পরবর্তীতে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।

স্থানীয় অনুসন্ধানে তার বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়নি বলেও ডিও লেটারে উল্লেখ করা হয়।

সব তথ্য ও মানবিক দিক বিবেচনায় এনে বিধি মোতাবেক মিশন আচার্যকে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান রাশেদ খাঁন।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আশা করছেন, এই মানবিক পদক্ষেপের মাধ্যমে একজন যোগ্য ও মেধাবী তরুণ তার প্রাপ্য অধিকার ফিরে পাবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ