Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলির ঘটনায় নিখোঁজ যুবকের লাশ মিলল মেঘনায়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর রিফাত হোসেন (২৮) নামে এক যুবকের লাশ নরসিংদীর মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলার রসুলপুর গ্রামের কান্দাপাড়া জিরো পয়েন্ট এলাকায় নদীতীরবর্তী একটি ঝোপে লাশটি দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রিফাত নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের দাসপাড়ার বাসিন্দা। তিনি মৃত মোস্তাক আহমেদের ছেলে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রিফাতের স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় গোলাগুলির একটি ঘটনায় রিফাত আহত হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। একই ঘটনায় কনিকা রানী দাস (৩৫) নামে এক নারীও গুলিবিদ্ধ হন।

এলাকাবাসীর ভাষ্য, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

নৌ-পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহে গুলি ও আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে নিহতের বোন মুক্তা বেগম মর্গে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নবীনগরে নিখোঁজ হওয়া ওই যুবকের মরদেহ করিমপুর এলাকার নদীতীর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ