নিখোঁজের ১২ ঘণ্টা পর বান্দরবানের দুর্গম পাহাড়ে মিলল স্কুলছাত্রকে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বান্দরবান সদর থানার আওতাধীন ১২ মাইল এলাকা থেকে রাতুল দেবনাথ (১৩) নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
রাতুল ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর রাতুল নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের কয়েক ঘণ্টা পর ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘মিস ইউ মা’ লেখা একটি স্ট্যাটাস দেখা যায়। বিষয়টি পরিবারের নজরে আসার পর উদ্বেগ আরও বেড়ে যায়। পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি করেন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।
পরে শনাক্ত করা অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে রাতুলকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যেকোনো বিপদে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত দিন