নিখোঁজের ৭ দিন পর বাড়ির পেছনের পুকুরে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পাবনায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার দোগাছী কলুনিয়া গ্রামে নিজ বাড়ির পেছনের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কামরুন্নাহার কলি ওই গ্রামের কামাল প্রামানিকের (৪০) মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের কাছে দিয়ে বাড়ির পাশে যায় সে। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরিহিত স্যান্ডেল পাওয়া যায়। এরপর তার বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশও শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। তবে সাত দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে শিশুটিকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন দোগাছী কলুনিয়া গ্রামের বাসিন্দা ও কলির স্বজনরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানান তারা।
এর পরদিন বুধবার সকালে কলির বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরে বস্তাবন্দি একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত দিন