Views Bangladesh Logo

নিখোঁজের তিন দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার, আটক ২

পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর যুবদল নেতা ইউসুফ খানের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুড়াতলী এলাকার একটি ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ খান মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ঘাগড়াই গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় পুলিশ রিজন সিকদার ও হানিফ সিকদার নামে দুজনকে আটক করেছে।

পরিবার সূত্রে জানা যায়, ইউসুফ স্থানীয়ভাবে মাটি কিনে ট্রাকে করে অন্যত্র বিক্রি করতেন। গত শনিবার রাত ৯টার দিকে তিনি ব্যবসার কাজে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার ফোন থেকে পরিবারের কাছে কল আসে, যেখানে বলা হয় তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে থানায় খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে ইউসুফের মাটি বহনকারী একটি ট্রাকের ধাক্কায় হানিফ সিকদারের একটি গাছ ভেঙে যায়। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়।

এক ট্রাকচালক জানান, ভোরের দিকে ইউসুফকে এক দাড়িওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা যায়, তবে তিনি ওই ব্যক্তিকে চিনতে পারেননি।

পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে আলমাছ মিয়ার ইটভাটার পাশে তল্লাশি চালিয়ে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়। লাশটি ইটের টুকরা ও মাটি দিয়ে চাপা দেওয়া ছিল।

মির্জাপুর থানার উপপরিদর্শক রাহাদুজ্জামান আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ ও পদ্ধতি ময়নাতদন্ত ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ