ঢাকা থেকে ‘নিখোঁজ’ ঢাবি অধ্যাপকের সন্ধান মিলল সৈয়দপুরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুরে তাঁর খোঁজ মিলেছে বলে জানিয়েছেন স্বজনেরা। তিনি বাসে করে ঢাকায় ফিরছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সৈয়দপুরে অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। তিনি নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। কী কারণে তিনি সৈয়দপুরে গিয়েছিলেন, তা বিস্তারিত জানার পর বলা যাবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন দুলাল কান্তি ভৌমিক। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
রাত ১০টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ না পাওয়ায় স্ত্রী কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কল্পনা হালদার পেশায় একজন চিকিৎসক।
স্বজনেরা জানিয়েছেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক ঢাকার বাসায় ফিরছেন। তাঁর নিখোঁজ থাকার সময় কোথায় ছিলেন এবং কী ঘটেছিল, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
মতামত দিন