Views Bangladesh Logo

ঢাকা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ হবিগঞ্জে উদ্ধার

রাজধানীর উত্তরখান থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহির (২৩)। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাসের ছাত্র ছিলেন এবং উত্তরখান এলাকার বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ নিখোঁজ হন। পরে এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃদুল সরকার (২০) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত মৃদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাড্ডা থানা এবং মাধবপুর থানা পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ফরহাদের ভাই আরিফ হোসেন মরদেহটি শনাক্ত করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার দিন ফরহাদকে ঢাকার আফতাবনগর এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের সন্দেহ, অপরাধ আড়াল করার লক্ষ্যে ১ মে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মাধবপুরে এনে ফেলে যাওয়া হয়।

তদন্তকারীরা ধারণা করছেন, ব্যক্তিগত শত্রুতা বা প্রেমঘটিত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ