মেঘনা নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুর নাম হাসান। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত তানভীর মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর হাসান মা মিতু বেগম ও দাদা মো. রবিন মিয়ার সঙ্গে আশুগঞ্জের হাসপাতাল রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হাসান কয়েকজন বন্ধুর সঙ্গে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে যায়। এ সময় হঠাৎ স্রোতের তীব্রতায় সে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে এবং বিকেল ৫টা পর্যন্ত টানা অনুসন্ধান চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সম্মতিতে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরদিন শুক্রবার সকালে আশুগঞ্জের কনটেইনার টার্মিনালের পাশে মেঘনা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে ভৈরব নদী পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, বৃহস্পতিবার ব্যাপক অভিযান চালানো হলেও নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে আশুগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া পরিবারের সঙ্গে আলোচনা করে সম্পন্ন করা হচ্ছে।

মতামত দিন