Views Bangladesh Logo

বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ, প্রতিবেশীর ঘরে মাটিচাপা ছিল শিশুর মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের এক শিশুর মরদেহ প্রতিবেশীর বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে চরলোটাবর এলাকার একটি বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মরিয়ম আক্তার ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর মরিয়ম নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরে মরিয়মের মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে হত্যার পর তার মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। তবে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঘটনার তদন্ত এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ