চাঁদপুরের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ চট্টগ্রাম থেকে উদ্ধার
চাঁদপুর শহর থেকে পরিবারসহ নিখোঁজ হওয়া স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটিয়ায় অভিযান চালিয়ে পিন্টু দাস ও তার পরিবারের তিন সদস্যকে উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রাপ্ত তথ্যানুযায়ী, চাঁদপুর শহরের 'এস কে শিল্পালয়'-এর মালিক পিন্টু দাস গ্রাহকদের বন্ধকি স্বর্ণের বিপরীতে নেওয়া টাকা পরিশোধ করতে না পেরে সপরিবারে আত্মগোপনে চলে যান।
গত ২৬ আগস্ট গণমাধ্যমে পরিবারটির নিখোঁজ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সম্প্রতি রংপুরে একই পরিবারের চার সদস্যের নির্মম হত্যাকাণ্ডের পর চাঁদপুরের এই চারজনের নিখোঁজ হওয়ার খবরটি আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে। পরে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ অনুসন্ধানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই দিনব্যাপী তদন্তের পর পটিয়ায় তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে অভিযানে নামে পুলিশ।
চাঁদপুর শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের 'সৌর ভিলা' নামক একটি ভবনে ভাড়া থাকতেন পিন্টু দাস। তারা নিখোঁজ হওয়ার পর গত ২২ আগস্ট বাড়ির মালিকের ছেলে রাসেল খান চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগে একাধিক গ্রাহকও পিন্টুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, উদ্ধার হওয়া চারজনকে চাঁদপুরে নেওয়া হচ্ছে। তারা ঠিক কী কারণে আত্মগোপনে গেছেন এবং বন্ধকি স্বর্ণ সংক্রান্ত অভিযোগের বিষয়টি কতটুকু সত্য, তা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
মতামত দিন