ফ্লোরিডায় যেভাবে উদ্ধার হলো বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার টেম্পা বে এলাকায় নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার ও শনাক্তের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই শিক্ষার্থী নিখোঁজ হন। একই দিন আরেক পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও নিখোঁজ হন। পরবর্তীতে তদন্তে জানা যায়, লিমনের মরদেহ প্রথমে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একটি কালো পলিথিনের ভেতর থেকে উদ্ধার করা হয়।
শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, কালো পলিথিনটি এমনভাবে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছিল, ঠিক যেভাবে মানুষ আবর্জনা ভর্তি কালো পলিথিন ফেলে রাখে।
যেদিন লিমনের মরদেহ খুঁজে পাওয়া যায়, সেদিনই সন্দেহভাজন খুনি হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু বৃষ্টির কোনো হদিস মিলছিল না, যদিও পুলিশ আবুঘরবেহর গাড়ির ভেতর বৃষ্টির রক্তের দাগ খুঁজে পেয়েছিল। বৃষ্টির বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও মরদেহ কিছুতেই মিলছিল না।
২৪ এপ্রিল লিমনের মরদেহ খুঁজে পওয়ার দুদিন পর ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছশিকারি কায়াক চালানোর সময় একটি কালো রঙের পলিথিন দেখতে পান। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে যেখানে লিমনের মরদেহ খুঁজে পাওয়া গেছে, এলাকাটি এর কাছেই।
পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায়। তবে খণ্ডিত অংশগুলো এমন অবস্থায় ছিল যে পুলিশ সেগুলো শনাক্ত করতে পারছিল না। এমনকি খণ্ডিত অংশগুলো নারী নাকি পুরুষের, সেটাও বোঝা যাচ্ছিল না।
পরে আদালতে জমা দেওয়া একটি ফৌজদারি মামলার হলফনামায় বলা হয়, ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে একটি মরদেহ (খণ্ডিত অংশ) উদ্ধার করা হয়। ওই মরদেহের খণ্ডিত অংশে জড়ানো পোশাকের সঙ্গে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে শেষবার নাহিদা বৃষ্টিকে দেখা যাওয়ার সময় তাঁর পরনে থাকা পোশাকের মিল রয়েছে।
অবশেষে ৩০ এপ্রিল সংবাদ সম্মেলনে এসে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, রোববার উদ্ধার খণ্ডিত মরদেহটি বৃষ্টির।
শুক্রবার শেরিফ ক্রোনিস্টার জানান, বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে, শেষ পর্যন্ত ৩০ এপ্রিল তা সম্পন্ন হয়েছে। সূত্র: টেম্পা বে ২৮

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে