মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ৩,১৫০ হীরাখচিত নতুন মুকুট উন্মোচন
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরকে স্মরণীয় করে রাখতে উন্মোচন করা হয়েছে নতুন এক রাজকীয় মুকুট। ৩ হাজার ১৫০টি হীরাখচিত এই মুকুটের নাম দেওয়া হয়েছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’।
১৮ ক্যারেট সাদা সোনায় তৈরি মুকুটটি এবার মিস ইউনিভার্সের বিজয়ীর মাথায় উঠবে। ১৯৫২ সালে যাত্রা শুরুর পর থেকে এই প্রতিযোগিতায় একের পর এক নকশার মুকুট যুক্ত হয়েছে। নতুন মুকুটটি সেই দীর্ঘ ইতিহাসেরই বিশেষ সংযোজন।
গত ১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে মুকুটটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার আয়োজক সংস্থা মিস ইউনিভার্স অর্গানাইজেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মুকুটের ছবি প্রকাশ করে। এর নকশা করেছেন জর্জ উইটেলস। তাঁর সঙ্গে কাজ করেছে প্যারিসভিত্তিক গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেইসন ডিঅর। মুকুটটিতে রয়েছে ৩ হাজার ১৫০টি উজ্জ্বল হীরা। এর নকশায় প্রতিযোগিতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।
আয়োজকদের ব্যাখ্যা অনুযায়ী, মুকুটের পেছনের অংশে ‘৭৫’ সংখ্যাটি নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সামনের তিনটি প্রধান হীরার মাধ্যমে প্রতিযোগিতার তিনটি সময়কালকে উপস্থাপন করা হয়েছে। একটি অতীতে পথ তৈরি করা নারীদের, অন্যটি বর্তমানে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা নারীদের এবং মাঝের হীরাটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। মিস ইউনিভার্সের ৭৫ বছরের পথচলাকে সম্মান জানাতেই এমন নকশা তৈরি করা হয়েছে।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলিজিয়ামে অনুষ্ঠিত হবে এবারের গ্র্যান্ড ফিনালে। শতাধিক দেশের প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। বিজয়ীর মাথায় উঠবে নতুন এই মুকুট। এর আগে ২১ নভেম্বর জাতীয় পোশাক পর্ব এবং ২২ নভেম্বর প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৫২ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে বিশেষ উপলক্ষ ও নকশার বৈশিষ্ট্য বিবেচনায় নতুন মুকুট যুক্ত হয়েছে। এ পর্যন্ত প্রতিযোগিতাটির ইতিহাসে ১২ ধরনের মুকুট ব্যবহারের তথ্য পাওয়া যায়। উল্লেখযোগ্য মুকুটগুলোর বিবরণ নিচে তুলে ধরা হলো।
মতামত দিন