Views Bangladesh Logo

বিয়ে করলেন মিষ্টি জান্নাত, স্বামীকে নিয়ে এখনই মুখ খুলছেন না

ঢাকাই সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইলে ‘গট ম্যারিড’ জীবনঘটনা যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে এক সাক্ষাৎকারে তিনি নিজেই বিয়ের কথা নিশ্চিত করেন। তবে কবে, কোথায় এবং কাকে বিয়ে করেছেন, সে বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে চান না এই অভিনেত্রী।

মিষ্টি জান্নাত জানান, তাঁর স্বামী একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়া অঙ্গনের সঙ্গেও তাঁর কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে স্বামীর নাম বা পরিচয় প্রকাশ না করে অভিনেত্রী বলেন, উপযুক্ত সময় এলে তাঁকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

নিজের বিয়েকে প্রেমের বিয়ে হিসেবে উল্লেখ করেছেন মিষ্টি। তবে তাঁদের সম্পর্কের শুরু কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি তিনি। এসব তথ্য এখনই জানাতে চান না জানিয়ে অভিনেত্রী বলেন, সবকিছু একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো চমক থাকবে না।

বিয়ের আয়োজন বাংলাদেশেই হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে অনুষ্ঠানটি ঠিক কোথায় বা কবে হয়েছে, তা নিয়ে আপাতত নীরব থাকতে চান মিষ্টি। তাঁর দাবি, বিয়েটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। বেশ কিছুদিন আগেই তাঁরা বিয়ে করেছেন, এতদিন বিষয়টি ব্যক্তিগত রেখেছিলেন।

বিয়ে প্রকাশ্যে আনার কারণ প্রসঙ্গে মিষ্টি জানান, প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মানুষের নানা ধরনের বিরক্তিকর আচরণে তিনি বিব্রত হচ্ছিলেন। অনেকেই ফোন করে দেখা করতে চাইতেন, এমনকি বিদেশে গিয়ে সাক্ষাৎ করার প্রস্তাবও দিতেন। কেউ কেউ তাঁকে সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় বিরক্ত হয়েই বিয়ের বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্বামীর পরিচয় দীর্ঘদিন গোপন রাখার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। সময় হলেই তাঁকে প্রকাশ্যে আনবেন। হানিমুনের পরিকল্পনা নিয়েও এখনই কিছু বলতে রাজি নন তিনি। ভবিষ্যতে সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিষ্টি।

অভিনয়ের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত মিষ্টি জান্নাত। তিনি একজন ডেন্টিস্ট এবং নিজের ডেন্টাল ক্লিনিক পরিচালনার পাশাপাশি রোগীও দেখেন। ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। অভিনয়ে নিয়মিত না থাকলেও বেছে বেছে নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করছেন এই অভিনেত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ