অবরোধে রাজধানীতে ৪ বাসে আগুন
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নবম দফায় বিএনপিসহ বিরোধী বিভিন্ন দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীতে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলী, আগারগাঁও ও যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় তিনটি বাস এবং রোববার দুপুরে গুলিস্তানে একটি বাসে আগুন দেয় তারা। তবে এসব ঘটনায় জড়িত কাউকে আটক করা না গেলেও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল শিকদার গণমাধ্যমকে জানান, শনিবার রাত ১১টার দিকে রাজধানীর আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় বিএনপি-জামায়াত। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। একই দিন রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনাল এলাকায় পদ্মা লাইনের একটি বাসে আগুন দেয় তারা। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। এ ছাড়াও শনিবার রাত ১০টা ৪৮ মিনিটে যাত্রাবাড়ী ডেমরা রোডে একটি লোকাল বাসে আগুন দেয় নাশকতাকারীরা। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। সেখানে কোনো ইউনিট পাঠানো হয়নি। কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এসব আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান শাহজাহান শিকদার।
ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম জানান, শনিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানার করাতিটোলা এলাকায় ডেমরা রুটে একটি লোকাল বাসে আগুন দেয় নাশকতাকারীরা। যাত্রীবেশে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ছাড়াও রোববার দুপুর আড়াইটায় রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
এ বিষয়টি নিশ্চিত করে ফয়ার সার্ভিসের কর্মকর্তা রাসি আল ফারুক বলেন, দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাসে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই।
উল্লেখ্য, রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে