Views Bangladesh Logo

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: শুঁড় ও মাংস কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় একটি বয়স্ক বন্যহাতির মৃত্যুর পর তার দেহ বিকৃত করে শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে ভাসান্যাদাম ইউনিয়নের আমলকি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭০ বছর বয়সী একটি পুরুষ হাতি দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার সকালে মারা যায়। মৃত্যুর পর হাতিটির মরদেহ ঘিরে রাখে একই পালের অন্যান্য হাতি। ফলে তাৎক্ষণিকভাবে ময়নাতদন্ত বা মাটিচাপার কাজ সম্পন্ন করতে পারেনি বন বিভাগ।

রাতের দিকে কালবৈশাখী ঝড়ের সময় পাহারায় থাকা হাতিগুলো বনের ভেতরে সরে গেলে সেই সুযোগ নেয় দুর্বৃত্তরা। গভীর রাতে তারা মৃত হাতিটির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পরদিন সকালে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিকৃত অবস্থা দেখতে পান। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি এবং ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দলও সেখানে উপস্থিত হয়।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, কারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বর্তমানে হাতিটির মরদেহ বন বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। এই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ