ফরিদপুরে যুবকের হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা
ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) সকালে কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশের একটি ধানখেত থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁর হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় তারা। সোমবার সকালে স্থানীয়রা তাঁকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, সকালে বিলের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা তাঁর পরিবার ও পুলিশকে খবর দেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। তবে কারা তাঁকে এভাবে নির্যাতন করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মতামত দিন