‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’-এর মুকুট জিতলেন মিসবাহ আরশাদ
ফিলিপাইনে অনুষ্ঠিত এক জমকালো আয়োজনে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ আরশাদ। এর মধ্য দিয়ে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে তিনি আন্তর্জাতিক ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল আয়োজনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।
চূড়ান্ত পর্বে প্রশ্নোত্তরে বিচারকদের মুগ্ধ করে শিরোপা নিশ্চিত করেন মিসবাহ। প্রতিযোগিতার বিচারক ও ফিলিপিনো সংগীতশিল্পী-অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেন, নিজের ১০ বছর বয়সি এবং ৮০ বছর বয়সি দুই সত্তা একই কক্ষে মুখোমুখি হলে কার প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য বেশি কঠিন হবে।
জবাবে মিসবাহ বলেন, ১০ বছর বয়সি নিজের কাছ থেকেই কঠিন প্রশ্ন আসবে। কারণ ছোটবেলার সেই মিসবাহ জানতে চাইবে, ভবিষ্যতে তার জীবন কেমন হয়েছে। নিজের শৈশবের সত্তাকে তিনি জানাবেন, জীবনে অনেকবার ব্যর্থ হলেও প্রতিবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তার মতে, জীবনের এই ওঠানামা মেনে নেওয়ার পাশাপাশি উপভোগ করাও জরুরি।
মুকুট পাওয়ার পর মিসবাহর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন তার পূর্বসূরি রোমা রিয়াজ। আর ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন তাকে পরিয়ে দেন বিজয়ীর আনুষ্ঠানিক স্যাশ।
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিসবাহর অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৩ সালে জাপানে অনুষ্ঠিত ‘মিস ইন্টারন্যাশনাল’ এবং ২০২৪ সালে পোল্যান্ডে আয়োজিত ‘মিস সুপ্রান্যাশনাল’-এ পাকিস্তানের হয়ে অংশ নিয়েছেন তিনি। তার ভাষ্য, শুধু মুকুট জয়ই সাফল্যের মাপকাঠি নয়; ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, নিজেকে প্রতিনিয়ত উন্নত করা এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।
এবার পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য ৭৫তম ‘মিস ইউনিভার্স’ মূল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মিসবাহ আরশাদ। ২০২৩ সালে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হওয়ার পর এরিকা রবিন প্রথম পাকিস্তানি প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতাটিতে অংশ নিয়ে শীর্ষ ২০-এ জায়গা করে নেন। এরপর ২০২৪ সালে নূর জারমিনা এবং ২০২৫ সালে রোমা রিয়াজ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
মতামত দিন