রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
মির্জা ফখরুলের নামে রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, একজন প্রার্থীর একাধিক মনোনয়নপত্রের মধ্যে একটি বৈধ হলে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হিসেবে গণ্য হয়।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে ইসি। অলি আহমেদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।
এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দুটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর একটি করে মনোনয়নপত্র বৈধ হওয়ায় তারা রাষ্ট্রপতি নির্বাচনের বৈধ প্রার্থী হিসেবে থাকছেন।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে এবং একাধিক বৈধ প্রার্থী থাকলে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
মতামত দিন