রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতিবিজড়িত ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে পৌঁছান তিনি।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এক দিনের সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যাবেন রাষ্ট্রপতি। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে যাবেন হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে।
দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
মতামত দিন